প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কয়েক দিন পরেই শুরু হবে তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই পরীক্ষায় ভালো ফল করার একটি ফর্মুলা আজ তোমাদের সামনে তুলে ধরছি, যা তৈরি করেছেন ব্রিটেনের একদল স্নায়ুবিজ্ঞানী।
১. পড়াশোনার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষার আগের দিনগুলোতে প্রতিদিন একই সময়ে পড়ার অভ্যাস গড়ো। এতে মনোযোগ-সহকারে পড়ার অভ্যাস গড়ে উঠবে, যা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহায়ক হবে।
২. প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ে অল্প অল্প করে পড়ার চেষ্টা করো। প্রত্যেকটি টপিক বুঝে পড়তে হবে। না বুঝে একটি শব্দও পড়বে না। উত্তর মুখস্থ না করে বুঝে বুঝে আত্মস্থ করাই উত্তম।
৩. পরীক্ষার হলে ইতিবাচক মনোভাব ধরে রাখো। বিজ্ঞানীরা বলছেন, এমন কিছু করো যাতে তুমি হাসি-খুশি থাকো এবং নিজের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয়। যেমন নিজের কান ধরে হালকা করে টানো অথবা লেবুর গন্ধ নাও।
৪. বেশি রাত পর্যন্ত পড়বে না। বিজ্ঞানীরা বলছেন, রাত ৯টার পর পড়া ঠিক হবে না। এ সময়ের পর পড়া বন্ধ করে দাও। বিছানায় ঘুমোতে যাওয়ার আগে একটু রিলাক্স করো। মোবাইল-কম্পিউটার ইত্যাদির স্ক্রিনে তাকানো থেকে বিরত থাকো। সহজেই ঘুম আসবে।
বিবিসি বাংলা অবলম্বনে
