বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বাংলাদেশি তারকা বলেন, ‘কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা কখনোই হারিয়ে যান না।’
রবিবার মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়েসহ প্রাণ হারান যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। মাত্র ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন। ২০১৬ সালে অবসরে যান তিনি।
কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোকাহত পুরো ক্রীড়াবিশ্বই। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ফুটবলের ক্রিস্তিয়ানো রোনালদো- শোক প্রকাশ করেছেন সবাই। সেই তালিকায় রয়েছেন সাকিবও।
ফেইসবুকে বাংলাদেশি অলরাউন্ডার লিখেছেন, ‘যতই প্রতিভা থাকুক না কেন, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে।’
কোবি ব্রায়ান্টের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে সাকিব লিখেছেন, ‘তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচণ্ড শোকাহত। সেই সাথে তাঁর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।’
