মাদারীপুরে বিষ দিয়ে মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৭:২৯ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর শিকারমঙ্গল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সোমবার ভোররাতে মো. শাহালম সরদার (৫০) নামে এক কৃষকের মাছের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে।

এতে করে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় আজিজুল বেপারী নামে এক ব্যক্তিকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই কৃষক।

ভুক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহালম সরদার শিকারমঙ্গল বিলের প্রায় দুই হাজার একর জমি কৃষকদের কাছ থেকে ইজারা নিয়ে ৫০ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতে পারতেন। কিন্তু রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে করে ঘেরের মাছ মরে যায়। এ ব্যাপারে অভিযুক্ত আজিজুল বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে এলাকায় পাওয়া যায়নি।

শাহালম সরদার বলেন, ‘ঘের নিয়ে এলাকার আজিজুল বেপারীর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এ কারণে সে আমার ঘেরে বিষ দিয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন বলেন, মাছ নিধনের ঘটনায় আজিজুলের নামে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত