চবিতে ফের অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের একাংশের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর পদত্যাগসহ দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকবাস-শাটল ট্রেন ও ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের রেড- সিগনাল (আর এস) গ্রুপ ও ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার দেশ রূপান্তরকে অবরোধের তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে আরএস গ্রুপের দুই কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের অনুসারীরা। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোহাম্মদ আরমান ও এমরান আশিক।

এ ঘটনায় আরএস গ্রুপের কর্মীরা ফতেয়াবাদ এলাকায় শহরগামী শাটলট্রেনের হোসপাইপ কেটে দেয়। বিকেল চারটার দিকে ট্রেন চলাচর স্বাভাবিক হলেও বর্তমানে নিরাপত্তাজনিত কারণে শাটল চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিবাদমান দুটি পক্ষ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এদিকে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু দেশ রূপান্তরকে বলেন, মারধর করেছে একজন আর অবরোধের ডাক দিয়েছে আরেকজন। যাদের কারও সঙ্গেই ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা নেই। আর যে কেউ ঘরে বসেই অবরোধের ডাক দিয়ে দিলেই তো হবে না।

তিনি আরও বলেন, এসব ঘটনায় যারা সংগঠনকে বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলব।

চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, আমরা কি করব বলুন। তারা নিজেদের ছোট ছোট স্বার্থে ঝামেলাগুলো করে। তবে আমরা তো আর চাইলেই তদন্ত ছাড়া কাউকে শাস্তি দিতে পারি না। বিগত ঘটনাগুলো তদন্ত করতে ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি কাজ করছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর অবরোধের বিষয়টি শুনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন  রয়েছে। তাদের সঙ্গে কথা বলারও চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল শাখা ছাত্র ছাত্রলীগের বিজয় গ্রুপ। পরদিন বৃহস্পতিবার বিকেলে পাঁচ দফা দাবিতে আন্দোলন স্থগিত করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত