১৯১ রানের জয়ে সিরিজ ইংল্যান্ডের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪৮ পিএম

চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজ ৩-১ এ নিজেদের করেছে সফরকারীরা। শেষ চার বছরে বিদেশের মাটিতে ইংলিশদের এটি দ্বিতীয় সিরিজ জয়।

জোহানেসবার্গে সোমবার ৪৬৬ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততেই হতো তাদের। যে জন্য আসলে ইতিহাস গড়তে হতো।

প্রোটিয়ারা শেষ পর্যন্ত একদিন ২৭৪ রানে গুটিয়ে যায়। একদিন হাতে রেখেই সিরিজ নিজেদের করে ইংল্যান্ড। ০-১ পিছিয়ে পড়ে টানা তিন ম্যাচ জিতল দলটি।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৮৩ রান। পরে প্রোটিয়াদের ফলোঅন না করিয়ে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ২৪৮ রান করে। তাতে প্রোটিয়াদের সামনে দাঁড়ায় বিশাল লক্ষ্য।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৯৮ রান করেছেন ফন ডার ডুসেন। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন মার্ক উড। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর যিনি দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি।

ইতিহাস বলছে ১০৬ বছর পর দক্ষিণ আফ্রিকায় এক সিরিজে দুটির বেশি টেস্ট জিতল ইংল্যান্ড। অন্যদিকে ৭০ বছর পর ঘরের মাঠে পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার হারের ক্ষতে যোগ হয়েছে অন্য জ্বালাও। স্লো ওভারর রেটের কারণে তাদের সব খেলোয়াড়দের ৬০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৬ পয়েন্ট কর্তন করা হয়েছে।

চার ম্যাচের এই সিরিজ থেকে ৯০ পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড। মোট ১৪৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে দলটি। সর্বাধিক ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত