চুয়াডাঙ্গার সীমান্ত থেকে দেড় কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৯:০৮ এএম

চুয়াডাঙ্গার জীবননগরে শিংনগর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার দুপুরে উপজেলার শিংনগর সীমান্তের হালদারপাড়া থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- সীমান্ত পিলার ৭৩/৩-এস এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া দিয়ে একটি স্বর্ণের চালান পার হবে।

ওই এলাকায় বিজিবি অভিযান চালিয়ে সন্দেহভাজন এক চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারি তার মাথায় বহন করা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে কাগজে মোড়ানো ৪টি প্যাকেটে থাকা ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬টি ব্যাচলেট ও ৩টি হার জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, আটক স্বর্ণালঙ্কারের ওজন এক কেজি ২১০ গ্রাম (২২ ক্যারেট)। এসবের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। আটক স্বর্ণের অলংকার চুয়াডাঙ্গাা জেলার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত