আওয়ামী লীগ ৩০ লাখ নেতাকর্মীকে ঢাকায় এনেছে: মোশাররফ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৪:৩৬ পিএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রায় ৩০ লাখ নেতাকর্মীকে ঢাকায় এনেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর আগে বিএনপি ঢাকায় অস্ত্রসহ গুণ্ডাদের এনেছে বলে অভিযোগ তোলেন। এর পাল্টা বক্তব্যে এমন দাবি করেন খন্দকার মোশাররফ।

বুধবার আর কে মিশন রোডে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি ওবায়দুল কাদেরের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটা অত্যন্ত হাস্যকর। কে না জানে যে বিএনপির প্রার্থীরা, সাধারণ কর্মীরা বাড়িতে থাকতে পারছে না পুলিশের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে। আমাদের পক্ষে বাইরে থেকে লোক আনা বা কোনো অস্ত্র-শস্ত্র যোগাড় করা- এটা অসম্ভব বিষয়। এটা আমাদের দ্বারা করা সম্ভবও নয়, এটা আমরা করিও নাই।

দক্ষিণে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ আওয়ামী লীগের বিরুদ্ধে একই অভিযোগ এনে বলেন, আমরা জানি যে, আওয়ামী লীগ এটা আসলে করছে। তারা বাইরে থেকে নেতাকর্মীদের ঢাকা শহরে এনে সয়লাব করে ফেলেছে, ৩০ লাখ নেতাকর্মী ঢাকা শহরে এনেছে এবং অস্ত্র-শস্ত্রসহ এনেছে। এই অস্ত্র-শস্ত্র নিয়ে আসতে তাদের কর্মীরা সাহস পায়, কারণ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এই কাজটি তারা করেছে, এই কাজটি করবে বলেই আগে থেকে বিএনপির ওপরে দোষ চাপানোর জন্য ওবায়দুল কাদের সাহেব এই ‘উদোর পিণ্ডি বুঁদোর ঘাড়ে’ নেয়ার যে তাদের সবসময়ের অভ্যাস, সেটা করার জন্য এই কথা উনি বলেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।

মানুষ ভোট দিতে পারলে শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে ঢাকায় বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে দাবি করেন তিনি।

আর ভোট প্রহসনে পরিণত হলে তার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে বলে হুঁশিয়ারি করেন তিনি।

দক্ষিণে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমির হোসেন আমু বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং সেখান থেকে গণমিছিল বের করার যে ঘোষণা দিয়েছেন তাকে আচরণবিধির লঙ্গণ মনে করেন খন্দকার মোশাররফ।

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেন, আমরা প্রচারনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা নানা বাধা-বিপত্তির মুখে পড়েছি তা আপনাদের সামনে সবসময় তুলে ধরেছি, আপনারাও সব দেখেছেন। আমি বলতে চাই, আগামী ১ ফেব্রুয়ারি সব ভোটার নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন। আমরা আমাদের সব দায়িত্ব পালন করব, যাতে করে ভোটাররা সব ভয়ভীতি, হুমকি-ধামকি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তাদের অধিকার করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবদুস সালাম, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত