ডিবি পরিচয়ে ওষুধের কাঁচামাল লুট, গ্রেপ্তার ৩

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:৫১ এএম

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে স্কয়ার ফার্মার ওষুধের কাঁচামাল লুটের অভিযোগে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলো চক্রের হোতা অপু রোজারিও (৬০), রুহুল আমিন (৩৫) ও জামাল হোসেন (৩২)। গত মঙ্গলবার গভীর রাতে রাজধানীর কলাবাগান ও রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে র‌্যাব-৪-এর একটি দল তাদের গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

র‌্যাব জানায়, সড়কে ওষুধের কাঁচামাল লক্ষ্য করে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল চক্রটি। এর আগে ১৪ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর থেকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্কয়ার ফার্মার ২৬৯ ড্রাম কাঁচামালভর্তি একটি কাভার্ড ভ্যান লুট করে তারা। গত সোমবার কালিয়াকৈর থানা পুলিশ ২০৯ ড্রাম কাঁচামালসহ এই ডাকাত দলের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, ১৪ জানুয়ারি আমদানি করা ওষুধের কাঁচামাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কাভার্ড ভ্যানে করে গাজীপুরে নেওয়া হচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে কয়েকজন নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ২৬৯ ড্রাম কাঁচামাল লুট করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত