চতুর্থবার বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৬:০১ এএম

বাংলা একাডেমির সভাপতি হিসেবে চতুর্থবারের মতো নিয়োগ পেয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গত সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন ড. আনিসুজ্জামান।

১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন ড. আনিসুজ্জামান। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। ভাষা আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এছাড়া শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণ-আদালতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯২ সালের ২৬ মার্চ যুদ্ধাপরাধী হিসেবে গণ-আদালতে গোলাম আযমের প্রতীকী বিচার কার্যক্রমে তিনি আসামির বিরুদ্ধে অভিযোগনামা পাঠ করেছিলেন। এই ভূমিকার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। দেশদ্রোহিতার মামলা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত