তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুজিববর্ষে জনবান্ধব ১০০টি সরকারি সেবা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে। আর এর সুবিধাভোগী হবে ১০ কোটি মানুষ। গতকাল বুধবার রাজধানীতে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে চার দিনব্যাপী নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্য পরিবহনের সময় অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ডিজিটাল ইকোনমি তৈরি ও ডেটা ব্যবহার করে সব কার্যক্রম একই প্ল্যাটফর্মে আনতে কাজ করছে সরকার। আমাদের তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অর্থনৈতিকভাবে দেশ আরও এগিয়ে যাবে, ডিজিটাল ইকোসিস্টেম গড়ে উঠবে।’
নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ।
