ঢাকা সিটির নির্বাচন নিয়ে কূটনীতিকদের আচরণে অসন্তোষ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৮:২৭ পিএম

ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ আব্দুল মোমেন।

বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

কূটনীতিকরা ‘কোড অব কন্ডাক্ট’ মেনে কাজ না করলে তাদের বাংলাদেশ থেকে চলে যেতে বলবেন বলেও জানান তিনি।
শনিবার অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকায় কর্মরত পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা তৎপর। ইসি থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীর সঙ্গেও দেখা করে তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা থেকে তাদের এই পদক্ষেপ।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছু বিদেশি কূটনীতিক ব্রিটিশ হাইকমিশনে মিলিত হয়েছিলেন। তারা নিজেদের কাজ বাদ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছেন, যা একবারেই উচিৎ নয়। কূটনীতিকরা এসব বিষয়ে কোড অব কন্ডাক্ট মেনে কাজ না করলে তাদের দেশ থেকে চলে যেতে অনুরোধ জানানো হবে।

আব্দুল মোমেন বলেন, এ নির্বাচন হবে আদর্শ নির্বাচন। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন অত্যন্ত স্বচ্ছ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত