যশোরের শার্শা উপজেলায় তৃতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় লিয়াকত আলী নামে এক মাদ্রাসাশিক্ষককে গত শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বেনেখড়ি গ্রামে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শার্শার বেনেখড়ি ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক কারি লিয়াকত আলীর বিরুদ্ধে এক ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার রাতে শিক্ষক লিয়াকত আলীকে আটক করে।
ছাত্রীর মা বলেন, গত ৩০ জানুয়ারি তার মেয়েকে মাদ্রাসায় আটকে রেখে শিক্ষক লিয়াকত আলী ধর্ষণের চেষ্টা চালালে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে শার্শা থানার ওসি আতাউর রহমান বলেন, শিক্ষক লিয়াকত আলীকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
