যাচাই-বাছাই শেষে শিগগিরই মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা প্রণয়নে বিতর্ক এড়াতে মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় করা হবে; বিশেষ করে মুক্তিযুদ্ধ গবেষকদের এ কাজে অন্তর্ভুক্ত করে শিগগিরই এই তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ২০০৪ ও ২০০৫ সালে নিয়মবহির্ভূতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনকে (জামুকা) পাশ কাটিয়ে মন্ত্রণালয় সরাসরি মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে। এতে অনেক অমুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ কারণে শিগগিরই এ তালিকা যাচাই-বাছাই শেষে পরিপূর্ণ তালিকা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, জেলা প্রশাসক আবু জাফরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
