পরিবেশ রক্ষায় সোলার প্যানেল ব্যবহারে মানুষকে উৎসাহী করতে ২৭টি দেশের ৩২ হাজার কিলোমিটার পথ বাইক চালিয়ে এখন বাংলাদেশে বেলজিয়ামের নাগরিক গ্রেগরি লুইলি (Gregory lweyllie)। বাঁশ এবং সোলার প্যানেলের সমন্বয়ে বিশেষ ধরনের একটি বাইক নিয়ে ৪৮ বছর বয়সী এই পরিবেশপ্রেমী চষে বেড়াচ্ছেন পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।
ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করে গ্রেগরি লুইলি বেলজিয়ামের একটি উচ্চ বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষকতাও করেছেন। মৌলভীবাজারে তিন দিন অবস্থান করে গতকাল রবিবার সকালে তিনি রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বাংলাদেশিদের সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিয়ে ৬ মার্চ বাংলাদেশ ছেড়ে চলে যাবেন ভুটান। তবে ভুটান রওনা দেওয়ার আগেই বাংলাদেশ থেকে নিজের ঐতিহাসিক বাইকটি জাহাজে করে পাঠিয়ে দেবেন বেলজিয়ামে।
মৌলভীবাজারের সার্কিট হাউজ এলাকায় গতকাল গ্রেগরি লুইলির সঙ্গে কথা হলে নিজের ভ্রমণসহ যাবতীয় বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ নষ্টের কারণে জলবায়ুর প্রভাবে হুমকিতে পড়েছে এই পৃথিবী। এই পৃথিবীর মানুষসহ প্রতিটি প্রাণ বাঁচানোর জন্য পরিবেশ রক্ষার প্রয়োজন। পরিবেশের জন্য বড় একটি হুমকি বিদ্যুৎ। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সরাসরি পরিবেশে আঘাত করে যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তবে সভ্যতার প্রয়োজনে বিদ্যুৎ দরকার। আর এর সমাধান হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেল বিশ্বব্যাপী জনপ্রিয় হলে বিদ্যুতের কারণে পরিবেশের যে দূষণ হয় তা কমে আসবে।
বিশ্বব্যাপী সচেতনতার লক্ষ্যে তৃতীয় ধাপে ২০১৮ সালের ৩ জুন বেলজিয়াম থেকে শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, রাশিয়া, কাজাখস্তান, চীন, লাওস, ভারত এবং সর্বশেষ বাংলাদেশসহ ২৭টি দেশ বাইকে করে ভ্রমণ করেছেন গ্রেগরি লুইলি। বাঁশের তৈরি বাইক নিয়ে ২৭টি দেশ ঘুরতে তাকে পাড়ি দিতে হয়েছে ৩২ হাজার কিলোমিটার পথ। গত ১৮ জানুয়ারি তিনি সিলেটের ডাউকি বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
