সিটিকে হারিয়ে লিভারপুলকে ‘নির্ভার’ করল টটেহনহ্যাম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:০১ এএম

ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হারের স্বাদ দিয়ে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও জোরালো করল টটেনহ্যাম হটস্পার।

রবিবার নিজেদের মাঠে পেপ গার্দিওলার দলকে ২-০ গোলে হারিয়েছে মরিনহোর শিষ্যরা।

গার্দিওলা গত মাস থেকেই বলে আসছেন লিভারপুলকে তাদের পক্ষ ধরা আর সম্ভব নয়। এদিন ম্যাচের পরও একই কথা বললেন, ‘আমরা দূরে সরে গেছি। অনেক পয়েন্টে এগিয়ে লিভারপুল অপ্রতিরোধ্য। আমরা বেশ পয়েন্ট হারিয়েছি।’

২৫ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। লিগের ইতিহাসে শীর্ষ দুই দলের মধ্যে এমন ব্যবধান বেশ বিরল।

তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৪৯। ৮ পয়েন্ট কম নিয়ে চারে আছে চেলসি।

‘অন্য প্রতিযোগীরা এখন আমাদের টার্গেট,’ জানিয়ে গার্দিওলা বলেন, ‘আমরা সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে চাই।’

ম্যানচেস্টার সিটি হারলেও খেলেছে বেশ। ৬৭ শতাংশ সময় তাদের নিয়ন্ত্রণে ছিল বল। কিন্তু ৬০ মিনিটের পর সব ‘শেষ’ হয়ে যায় তাদের। হ্যারি উইঙ্কসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইউক্রেনের ডিফেন্ডার ওলেকসান্দের জিনচেঙ্কো। দশজনের দলে পরিণত হওয়ার পর আর তাল মেলাতে পারেনি সিটি। ১১ (৬০ থেকে ৭১) মিনিটের ঝড়ে দুই গোল হজম করে তারা।

৬৩ মিনিটে প্রথম গোল করেন স্টিভেন বেহরভেন। ৭১ মিনিটে সন হিউং মিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত