৩ ফেব্রুয়ারি, সোমবার তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার প্রকাশ পেল। টিজারে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব। মাদক, সন্ত্রাসের করাল গ্রাসের থাবায় কীভাবে প্রেম হয়ে উঠে বীভৎস-তারই ইঙ্গিত মিলল টিজারের পরতে পরতে।
সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।
‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন রায়হান রাফি। পোড়ামন-২ এর পর এবার ‘পরাণ’ নামে আরেকটি রোমান্টিক ছবি নির্মাণ করছেন, এই তরুণ নির্মাতা। এটি রাফি পরিচালিত তৃতীয় ছবি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। চিত্রগ্রাহক ছিলেন মিছিল সাহা।
এ প্রসঙ্গে নির্মাতা রাফি জানান, ছবির শুটিং শেষ। ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়েছে। বর্তমানে পোস্টের কাজ চলছে। তিনি আরও বলেন, ‘এটি আমার সেরা মুভি হবে ইনশাল্লাহ’।
ছবি মুক্তির দিন এখনো নির্ধারণ করা হয়নি। তবে, এ মাসেই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
