নারী কোটার বিষয়টি যথাযথভাবে অনুসরণ না করায় ২০১৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিশোরগঞ্জ ও লক্ষ্মীপুরের চূড়ান্ত ফলাফল স্থগিত করেছে হাইকোর্ট। আলাদা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়।
এর মধ্যে কিশোরগঞ্জের ৪৬৩ জনের চূড়ান্ত ফল স্থগিত করেছে আদালত। এ জেলায় নিয়োগবঞ্চিত ১৪ নারী প্রার্থীর করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ আসে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল। অন্যদিকে লক্ষ্মীপুরে নিয়োগবঞ্চিত চার নারী প্রার্থীর করা আবেদনের ওপর শুনানি নিয়ে ওই জেলায় চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া ২৯২ জনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্ট। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
