অধিবাসীদের মর্যাদার সঙ্গে বসবাস নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৯ পিএম

সকল ধর্মের মানুষের মধ্যে বিশেষ করে পটুয়াখালীর রাখাইন সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সন্তোষ প্রকাশ করে কুয়াকাটা ও আশপাশের এলাকার অধিবাসীদের এখানে মর্যাদার সঙ্গে বসবাস নিশ্চিত করার আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, দেশে মিশ্র সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে এখানে বসবাসকারী রাখাইন জনগোষ্ঠীর প্রতি পূর্ণ মনযোগ দিতে হবে অন্যথায় বাংলাদেশে বিদ্যমান শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিকাশ পূর্ণতা পাবে না।

মঙ্গলবার রাতে কুয়াকাটা ও কলাপাড়া উপজেলা সফরকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জানানো প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান রাষ্ট্রপতি। সূত্র: বাসস।

রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানমসহ পরিবারের সদস্য,সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য মো. মহিববুর রহমান, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিদেশি সংস্কৃতির বিরূপ প্রভাব থেকে রক্ষায় দেশীয় সংস্কৃতি বিকাশে স্থানীয় প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আকাশ সংস্কৃতির আগ্রাসনের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন,এই সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বিভিন্নভাবে গ্রাস করছে। এর এই আকাশ সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে আমাদের।

তিনি বলেন, আপনারা যেভাবে দেশীয় সংস্কৃতির আবহে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তা দেখে আমি খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে কেবল স্থানীয় শিল্পীরা তাদের সংগীত, নৃত্য ও পুতুল নাচের মাধ্যমে যে পরিবেশনা তুলে ধরেছেন আমি তা আনন্দের সঙ্গে উপভোগ করেছি।

রাষ্ট্রপতি বলেন, আমাদের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং তা তুলে ধরা দরকার।

রাষ্ট্রপতি দুই দিনের সফরে পটুয়াখালী জেলার কলাপাড়ায় কুয়াকাটা এবং দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিএসটিইউ) সফরে রয়েছেন। আজ বিকেলে রাষ্ট্রপতি পিএসটিইউ’র দ্বিতীয় সমাবর্তনে যোগ দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত