তিন উত্ত্যক্তকারীকে তাবলিগে পাঠালেন এসিল্যান্ড

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে আটককৃত তিন কিশোরকে তাবলিগ জামাতে পাঠিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক।

বুধবার দুপুরে এসিল্যান্ড ওই তিনজনকে তাবলিগ জামাতে পাঠান। ওই তিন কিশোরই উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ওই তিন বখাটে কিশোর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় নানাভাবে উত্ত্যক্ত করতে । ছাত্রীটি এ বছর মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ওই তিন কিশোর ছাত্রীটিকে জোরপূর্বক তুলে নেয়ার হুমকি দেয়।

গত সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বখাটেরা মেয়েটির গতিরোধ করে। এ সময় সে ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন আসলে তারা পালিয়ে যায়। পরে এ ঘটনায় মেয়েটির বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে বখাটেরা মেয়েটিকে পুনরায় উত্ত্যক্ত করতে আসলে পুলিশ তাদের আটক করে।

বুধবার দুপুরে আটককৃত ওই তিন কিশোরকে সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের অফিসে হাজির করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তাদেরকে কোনো সাজা না দিয়ে ছয় দিনের জন্য তাবলিগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেন বলে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, কিশোর তিনজনই শিক্ষার্থী। তাই তাদের শিক্ষা জীবন সুরক্ষার জন্য সাজা না দিয়ে তাবলিগে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত