হলের ক্যানটিন মালিককে ‘পচা’ মাংস জোর করে খাওয়ানোর ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা খাওয়ার সময় ‘পচা’ লাগায় কবি জসিম উদদীন হলের ক্যান্টিন মালিককে তা জোর করে খাওয়ান হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
এ সময় হল ছাত্র সংসদের ভিপি ফরহাদ আলী, ক্যানটিন দেখভালের দায়িত্বপ্রাপ্ত হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামসহ হলের বেশ কয়েকজন আবাসিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তানভীর হাসান সৈকত বুধবার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হলের ক্যান্টিনে খেতে গেলে ‘পচা’ খাবার পান তিনি।
পরে শিক্ষার্থীদের অভিযোগের মুখে ক্যানটিন মালিক ডালিম সরকারকে ডেকে এনে সেই খাবার খেতে বাধ্য করেন।
তিনি বলেন, মাংস পচে যাওয়ায় ক্যান্টিন মালিক এই পচা মাংসে লবণ বাড়িয়ে রান্না করে সেগুলো শিক্ষার্থীদের খাওয়াচ্ছে। এরপর আমি এর প্রতিবাদ করতে গেলে ক্যানটিনে খাচ্ছেন এমন অনেক শিক্ষার্থীই প্রতিবাদ জানায়। তারা আমার কাছে এটাও অভিযোগ করে যে, ক্যানটিন মালিক মাঝে মাঝেই এই ধরনের পচা খাবার খাওয়াচ্ছে।
তানভীর হাসান বলেন, এরপর আমি ক্যানটিনের দায়িত্বে থাকা স্যারকে আসার জন্য অনুরোধ করলে তিনি আসেন। আমি ক্যানটিন ম্যানেজারকে ওই মাংস খেতে বলি। এরপর তিনিও মুখে নিয়ে বমি করে দেন। স্যারকে খেতে বললে তিনিও মুখে নিতে পারেননি। পরে ম্যানেজারের মাধ্যমে ক্যানটিন মালিককে ফোন করে আসতে বলি। কিছুক্ষণ পর ক্যানটিন মালিক হল সংসদের ভিপিকে সঙ্গে নিয়ে ক্যান্টিনে আসেন। এরপর মালিককে অবশিষ্ট সেই মাংস খেতে বললে তিনি একটু খেয়েই অস্বীকৃতি জানান। পরে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে পুরোটাই খেতে বাধ্য করা হয়।
পরে ওই ক্যান্টিন মালিক শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান এবং পুনরায় এ রকম না হওয়ার আশ্বাস দেন বলে সৈকত জানান।
এ বিষয়ে জানতে চাইলে আবাসিক শিক্ষক জহিরুল ইসলাম বুধবার বলেন, ক্যানটিনের খাবার পচা ছিল না। তরকারিতে লবণ বেশি হয়েছিল। এখন সেটা কেন হয়েছে সেটাই আজকে আমরা তদন্ত করব।
