'আমি যে সারা বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা এটা তারা একবারও বলেননি'

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম

জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যরা আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে সম্বোধন করেন না বলে অভিযোগ করেছেন তিনি। 

বিরোধী দলের সাংসদদের প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ভালো কাজগুলো তারা পছন্দ করেন না। সংসদে গতকাল (বুধবার) তারা যেভাবে কথা বলেছেন, এগুলো গণতান্ত্রিক ভাষা না। একজন বলেছেন, আমি ব্যবসায়ী মন্ত্রী, ভালো ছাত্র ছিলাম। ব্যবসায়ী ছিলাম এটা ঠিক। পেশাগত পরিচয় ছিল আমার। অন্য ব্যবসাও ছিল। আমি সনদপ্রাপ্ত হিসাববিদ (সিএ) ছিলাম। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও সিএ ছিলেন। কিন্তু আমি ব্যবসায়ী ছিলাম ১২ বছর আগে। ব্যবসা করা তো অপরাধ না।’

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব বলেন অর্থমন্ত্রী। সহজে ব্যবসা করার (ইজ অব ডুয়িং বিজনেস) সূচক নিয়ে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। 

সেখানে বুধবার সংসদ অধিবেশনে মেজাজ হারানোর কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কখনোই তা হারাই না। গতকাল (বুধবার) সামান্য সময়ের জন্য তা হারিয়েছিলাম। আমি যে সারা বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা এটা তারা একবারও বলেননি।’

অর্থমন্ত্রী বলেন, বুধবারের সংসদ আলোচনায় একটি বিষয়ই ওঠে আসে যে ব্যাংক খাতের দুর্বল অবস্থা এবং অর্থ পাচার হয়ে যাচ্ছে। পরিমাণও দিয়ে দিলেন তারা! সংসদে এভাবে বললে দেশবাসী বিশ্বাস করেন। আমার প্রশ্ন, এত অর্থ পাচার হয়ে যাচ্ছে, কীভাবে জানলেন?

জানুয়ারি মাসে যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকারের ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ হন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত