দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন

আ.লীগের মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের পৃথক সমাবেশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৭ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার টোল প্লাজা এবং মাইজপাড়ায় এসব কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, আগামী জুন মাসে দাউদকান্দি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে। চলতি মাসের শেষ দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে  মেজর  (অব.) মোহাম্মদ আলী এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজীর পক্ষে নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

মেজর (অব.) মোহাম্মদ আলীর পক্ষে দাউদকান্দি টোল প্লাজায় সমাবেশের আয়োজন করে উপজেলা যুবলীগ। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল আওয়াল সরকার, আওয়ামী লীগ নেতা বাসুদেব ঘোষ, ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম নয়ন, ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী, খলিল তালুকদার, জসিম প্রধান, নুরুল ইসলাম প্রমুখ।

বশিরুল আলম মিয়াজীর পক্ষে মাইজপাড়ায় মিলাদের আয়োজন হলেও পরে তা জনসভায় পরিণত হয়। এতে  প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাজাহান খন্দকার, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মনির তালুকদার প্রমুখ।

মোহাম্মদ আলী বলেন, ‘দাউদকান্দির নেতাকর্মীরা চাইলে আমি নির্বাচন করব এবং আশা করি দল আমাকেই মনোনয়ন দেবে ইনশা আল্লাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত