বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ডমিনিক তিমের কাছে হেরে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নেন রজার ফেদেরার। গত শুক্রবারে এই দুই তারকা কেপ টাউনে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন। ৫১ হাজার ৯৫৪ জন দর্শকের উপস্থিতিতে নাদালকে ৬-৪, ৩-৬, ৬-৩-এ হারিয়েছেন ফেদেরার। এ ম্যাচ থেকে আয় হওয়া ৩.৫ মিলিয়ন ইউএস ডলার যাবে রজার ফেদেরার ফাউন্ডেশনে। যারা আফ্রিকার শিশুদের শিক্ষা ও খেলাধুলায় সাহায্য করে। ম্যাচ শেষে ফেদেরার বলেন, ‘একটা টেনিস ম্যাচে ৫১ হাজার ৯৫৪ দর্শকের উপস্থিতি আমি ভাবতেও পারিনি। এটা এমন একটা ব্যাপার যা স্বপ্নেও ভাবা যায় না।’ এত দর্শক দেখে বিস্ময় প্রকাশ করেছেন নাদালও, ‘মুগ্ধ হওয়ার মতো স্টেডিয়াম। আর কত দর্শক! সত্যি বিস্ময়কর। এটা আমার কাছে অবিস্মরণীয় সন্ধ্যা। সম্ভবত আমি সারা জীবনে আর একটিবার এমন দর্শক ভরপুর পরিবেশে খেলতে পারব না।’
×
