রাজশাহীতে মোবাইল ফোনের দুই শোরুমে আগুন, দগ্ধ ১

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:১০ পিএম

রাজশাহী নগরীর রাণীবাজারের একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে মোবাইল ফোনের দুটি শোরুম। এ সময় একজন দগ্ধ হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শোরুমের কর্মী নাহিদ জানান, সকালে তাদের আরেক কর্মী ফয়সাল শোরুমের শাটার খুলে বিদ্যুতের মেইনসূইচ অন করেন। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে ফয়সালের মুখমণ্ডল দগ্ধ হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে শোরুমে থাকা মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব পুড়ে যায়। শোরুম দুটি মোবাইল ফোন কোম্পানি ভিভো ও মটোরোলার।

হ্যালো রাজশাহী-২ নামে শোরুমের মালিক অঞ্জন কুমার রায় জানান, সকালে তিনি বাসায় ছিলেন। এ সময় ফোনে খবর পান শোরুমে আগুন লেগেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে আগুনের কারণে আশপাশের ভবনগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে আসেন সড়কে। উৎসুক জনতা ভিড়ে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। এ সময় নিউমার্কেট- সাহেব বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুর রশিদ জানান, সকাল পৌনে ১০টার দিকে তিনি আগুন লাগার খবর পান। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট এসে যোগ দেয়। মোট ৪টি ইউনিট মিলে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনের কারণ এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত