গণ-আন্দোলন আজান দিয়ে আসে না: নজরুল ইসলাম খান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৭ পিএম

গণ-আন্দোলন আজান দিয়ে আসে না, ওটা ঘটে বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, আমরা লজ্জিত! খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, আমরা সেই আন্দোলন গড়ে তুলতে পারিনি।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যে প্রক্রিয়ায় যেভাবে খালেদা জিয়া মুক্ত হতে পারেন ২০ দলীয় জোট অতি শিগগিরই সেই প্রক্রিয়া গ্রহণ করে এককভাবে কর্মসূচি ঘোষণা দেবে।

তিনি বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, অনেক নেতাকর্মী এলাকাছাড়া হয়েছে। তবুও কেউ দল ত্যাগ করেননি, আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখন জেগে ওঠে বোঝা মুশকিল। অধিকারের জন্য কাউকে ছাড় দেয় না এই বীরের জাতি।

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে নজরুল ইসলাম বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। এদেশে এখন আর নির্বাচন নেই, গণতন্ত্র নেই। তাই গণতন্ত্রের জন্য এ দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। সে মুক্তি কখন কীভাবে ঘটবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে সে মুক্তি অতি শিগগিরেই ঘটবে।

দেশের নির্বাচন ব্যবস্থার সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনবিমুখ। মানুষ এখন আর ভোট দিতে যায় না। জনগণের এখন আর ভোটে আস্থা নেই, এই সরকার আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিচার বিভাগের ওপর দেশের মানুষের এখন আর আস্থা নেই। আমরা দেখেছি, নিম্ন আদালতের যে বিচারক খালেদা জিয়ার সাজা দিয়েছেন, সেই বিচারককে এখন হাইকোর্টের বিচারক বানানো হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি, যে বিচারক এ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, এ সরকারের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন সেই বিচারককে পদত্যাগ করিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয়। খালেদা জিয়ার ২ কোটি টাকা এখন ৮ কোটি টাকায় পরিণত হয়েছে। এর একটি টাকাও তছরুপ হয়নি।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাপা মহাসচিব মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, এনপিপির ফরহাদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, ইসলামি ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম ও জমিয়তে ওলামায় ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত