নড়াইলে মানহানি মামলায় জামিন পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রবিবার জেলা ও দায়রা জজ আদালতে তিনি জামিনের জন্য হাজির হলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় মওদুদ আহমদ সেই বক্তব্যকে সমর্থন করেন। মামলার বাদী মোস্তফা কামাল ১১ ডিসেম্বর ২০১৭ নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে মোবাইলের মাধ্যমে আসামির বক্তব্য দেখে ১২ ডিসেম্বর সোমবার দুপুরে নড়াইল আমলি আদালতে এ মামলাটি করেন।
তৎকালীন বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জকে মামলা গ্রহণের নির্দেশ দেন। মওদুদ আহমদ এ মামলায় হাইকোটে জামিন প্রার্থনা করলে আদালত নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের জন্য নির্দেশ প্রদান করে।
