জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন তিনি।
দুরারোগ্য এই ব্যাধিতে আক্রান্ত হলেও অ্যান্ড্রু কিশোর দিন পার করছেন সুস্থ হয়ে গানে ফেরার তাড়না নিয়ে। আর তাই রোগশয্যায় বসেই অ্যান্ড্রু কিশোর গাইলেন তার জনপ্রিয় গান ‘জীবনের গল্প, আছে বাকি অল্প’। আর সেই গান ফেসবুকে শেয়ার করেছেন অ্যান্ড্রু কিশোরের ঘনিষ্ঠ কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অ্যান্ড্রু কিশোরকে সবার সঙ্গে গলা মেলাতে দেখা যায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কেমো থেরাপি ও চিকিৎসা নিচ্ছেন তিনি।
