বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার ফাঁসির দণ্ডপªাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির চার মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় এসব মামলায় চার ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় কাঠগাড়ায় নূর হোসেন উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আদালতপাড়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
তিনি আরও জানান, ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির দুটি, একটি অস্ত্র ও একটি মাদক আইনের মামলায় নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এসব মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তুষার কািন্ত দাস, জহিরুল ইসলাম, অজিত কুমার মিত্র ও জসিম উদ্দিন নামে চার ব্যক্তি।
আদালতের ব্রাঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন সরকার জানিয়েছেন, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে দায়েরকৃত তিনটি চাঁদাবাজি এবং একটি অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্যগªহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আগামী ২২ এপ্রিল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার দায়ে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে বন্দি রয়েছেন।
