এরশাদের মৃত্যুর পরও জাতীয় পার্টি অনেক শক্তিশালী: জি এম কাদের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫ এএম

এইচ এম এরশাদের মৃত্যুর পরও তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি অনেক শক্তিশালী রয়েছে বলে মনে করেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, অনেকেই ভেবেছিল পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু সবার আশঙ্কা ভুল প্রমাণ করে জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি অনেক শক্তিশালী।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানান এবং বিজয়ের এই ধারা অব্যাহত থাকার আশা প্রকাশ করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দলকে আরও গতিশীল করতে প্রেসিডিয়ামের সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এক নেতা একাধিক পদে থাকতে পারবেন কি না, সেটাও সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কর্মসূচি দেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিতে দুর্নীতি, ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করছি।’

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতির সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, দ্বীন ইসলাম শেখ, মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত