বাপেক্স যে কাজ ৫০ কোটি টাকায় করে, একই কাজ রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের করতে ১০০ কোটি টাকার বেশি লাগে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, ‘দক্ষ নয় জেনেও বাপেক্সের আবিষ্কার ভোলা গ্যাসক্ষেত্র গ্যাজপ্রমকে দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি বাতিল করা না হলে আমরা ভোলা অভিমুখে পদযাত্রা করব।’
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভোলার বিশাল সমৃদ্ধ গ্যাসক্ষেত্র গ্যাজপ্রমের হাতে তুলে দিতে করা সমঝোতা (এমওইউ) সরকার চুক্তিতে রূপান্তরিত করতে যাচ্ছে। চলতি মাসের মধ্যে এ সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী মাসে পদযাত্রা করতে বাধ্য হব। এর সঙ্গে পূর্বঘোষিত কক্সবাজার থেকে সুন্দরবন লংমার্চসহ জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে।’
