১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ড. কামাল হোসেনের ভূমিকা রহস্যজনক ছিল বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, ‘অনেকে বলেন ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা। তিনি আইনমন্ত্রী থাকাকালীন সংবিধান প্রণীত হয়েছিল। তিনি সে কমিটির আহ্বায়ক ছিলেন। নিঃসন্দেহে সে কৃতিত্বের অধিকারী তিনি হতেই পারেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার অবস্থান রহস্যজনক ছিল। আমরা সে কথা বলতে চাই না। তার জামাতা ইহুদি। তিনিও সবসময় বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করে আসছেন। আমার মনে হয় তারা বাংলাদেশের আজকের যে সাফল্য সেটাকে মেনে নিতে পারছে না।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘একজন সংবিধান প্রণেতা নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন। সরকারের পতন দাবি করতে পারেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা আমরা আশা করিনি।’
