এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার), তার মা, স্ত্রী ও ভাইসহ ২০ জনের ব্যক্তিগত সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দে হাইকোর্টের দেওয়া আদেশ সর্বোচ্চ আদালতেও বহাল রয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ হাইকোর্টের ওই আদেশ বহাল রাখে।
ওই প্রতিষ্ঠানে দুই বিনিয়োগকারীর অর্থ ফেরত সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল। যাদের বিরুদ্ধে আদেশ হয় তারা হলেনÑ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের এমডি এম নুরুল আলম, পরিচালক জহিরুল আলম, নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি, পাপিয়া ব্যানার্জি, মোমতাজ বেগম, নওশেরুল ইসলাম, আনোয়ারুল কবির, প্রকৌশলী নুরুজ্জামান, আবুল হাসেম, মো. রাশেদুল হক, পি কে হালদারের মা লীলাবতী হালদার, স্ত্রী সুস্মিতা সাহা, ভাই প্রীতিশ কুমার হালদার, কাকাতো ভাই অমিতাভ অধিকারী, অভিজিৎ অধিকারী, ব্যাংক এশিয়ার সাবেক পরিচালক ইরফান উদ্দিন আহমেদ ও পি কে হালদারের বন্ধু উজ্জ্বল কুমার নন্দী।
