পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ একাদশের খেলোয়াড়দের মধ্যেই তিনিই বেঁচে ছিলেন। নিভে গেল সেই প্রাণটিও। গত পরপারে চলে গেলেন ওয়াকার হাসান।
সোমবার সকালে মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। ওয়াকার হাসানের জন্ম ভারতের পাঞ্জাবের অমৃতসরে, ১৯৩২ সালে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ ক্রিকেট ব্যক্তিত্বরা।
পাকিস্তানের প্রথম টেস্টটি ছিল ১৯৫২ সালের অক্টোবরে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্টে। ওই ম্যাচে অভিষেক হয় হাসানের। তবে শুরুটা স্মরণীয় হয়নি মিডল অর্ডার এই ব্যাটসম্যানের। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫ করেন তিনি।
তবে সিরিজেই তৃতীয় টেস্টেই নিজের অবস্থান জানান দেন হাসান। মুম্বাইয়ে অনুষ্ঠিত ওই টেস্টের দুই ইনিংসেই অর্ধশতক হাঁকান তিনি।
হাসান তার ২১ টেস্টের ক্যারিয়ার ইতি টানেন ১৯৫৯ সালে। তাতে ৩১.৫০ গড়ে করেন ১ হাজার ৭১ রান। শতক একটি, অর্ধশতক ছয়টি। সর্বোচ্চ ইনিংস ১৮৯।
খেলোয়াড়ী ক্যারিয়ারে ইতি টানার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেন হাসান। ১৯৮২-৮৩ সময়ে পাকিস্তান দলের নির্বাচক কমিটির প্রধান ছিলেন তিনি।
