সিনেমার নায়ক অঙ্কুশ আর ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা চুটিয়ে প্রেম করছেন ৮ বছর ধরে। সময় পেলেই এই জুটি ঘুরতে চলে যান বিদেশে। কখনো থাইল্যান্ড আবার কখনো বা দুবাই। আবারও একটা লম্বা ছুটি কাটাতে আগামী মাসেই বিদেশে পাড়ি দিচ্ছেন তারা। ব্যস্ততা থেকে এক টুকরো সময় বের করে অন্তরঙ্গতায় ডুবতে চলেছেন ওই পাওয়ার কাপল। কোথায় যাচ্ছেন তারা?
ভারতীয় সংবাদমাধ্যমকে অঙ্কুশ জানান, মার্চে ইউরোপ যাওয়ার প্ল্যান করেছেন তারা। ওখানেই কদিন চুটিয়ে মজা করা, নিভৃতে সময় কাটানো, আড্ডা আর অনেকখানি প্রেম। এ সবই ইচ্ছা রয়েছে তাদের। ফিরেই ব্যস্ততা। হাতে রয়েছে একগাদা কাজ। শুভশ্রীর সঙ্গে নতুন ছবি নিয়ে বেজায় ব্যস্ত অঙ্কুশ। ওদিকে ঐন্দ্রিলার মেগা ধারাবাহিকের কাজ শেষ হয়েছে কিছুদিন আগে। আসছে নতুন কাজের অফার।
দু’দিন আগে অঙ্কুশের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছিলেন ঐন্দ্রিলা। তাতে অঙ্কুশের উদ্দেশে লেখা ঐন্দ্রিলার ছোট্ট বার্তা, ‘স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার অপেক্ষায়...’ এর পরেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে কি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারা? কমেন্ট বক্সে উপচে পড়েছিল হাজারো প্রশ্ন, জল্পনা-কল্পনা।
তবে সব জল্পনায় ইতি টেনে ওই জুটি জানিয়েছেন এখনই বিয়ে নয়, আরও কিছুদিন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাবেন।
