মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার পুর মুখে বিষ ঢলে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ পাওয়া গিয়েছে।
বুধবার বিকেলে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। গৃহবধূ লিপি বেগমের (২৪) খালা রুবিনা আক্তার গত শনিবার অভিযোগটি করেন।
জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় ইউনিয়নের যোগিবিল গ্রামের নাছির মিয়ার স্ত্রী লিপি বেগম বিষপানে আত্মহত্যা করেছেন দাবি করে ময়নাতদন্ত করা হয়েছিল।
নিহতের খালার অভিযোগ, বিয়ের পর থেকেই লিপির ওপর তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি সে নির্যাতনে মারা যায়। বিষয়টি ধামাচাপা দিতে লিপির মুখে বিষ ঢেলে সে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করা হয়। এমনকি লাশটি উদ্ধারের পর মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদেরকে (গৃহবধূর স্বজনদের) না জানিয়ে দ্রুত কবর দিয়ে দেয়া হয়।
তবে গৃহবধূর স্বামী নাসির মিয়া অভিযোগ প্রসঙ্গে বলেন, পারিবারিক কোন কলহ ছিল না। তার স্ত্রী লিপি কি কারণে বিষ পান করে মারা গেল তা তিনি বুঝতে পারছেন না।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নিহত গৃহবধূর খালার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটির তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
