নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-কাঞ্চন সড়কটি বছরের পর বছর ধরে বেহাল হয়ে আছে। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির বেশিরভাগ অংশেই ছোট-বড় গর্ত। বেশিরভাগ অংশে বিটুমিন চিহ্ন নেই। ২০১৪ সালের পর রাস্তাটি সংস্কার হয়নি। শুকনো মৌসুমে যানবাহন চলাচলের সময় ধুলায় আশপাশের এলাকা ধূসর হয়ে যায়। আর বর্ষা মৌসুমে সড়কের অবস্থা হয় চষা জমির মতো। এতে করে মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার তারাবো পৌরসভার রূপসী শহীদ বকুল চত্বর থেকে কাঞ্চন মায়ার বাড়ি পর্যন্ত সড়কজুড়ে খানাখন্দ। এ সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, প্রাইভেটকার, বাস, অটোরিকশা, ইজিবাইক, রিকশা। ধুলার কারণে নাকে-মুখে কাপড় চেপে সড়কে চলাচল করতে হয়।
কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে রূপসী-কাঞ্চন সড়ক বেহাল হয়ে আছে। মাঝে মধ্যে রাস্তা মেরামতের নামে ইট দিয়ে গর্তগুলো ভরাট করে দেওয়া হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই রাস্তার অবস্থা আগের মতো হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপসী-কাঞ্চন সড়কের পাশে ছোট-বড় মিলে ৫০টির বেশি শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করেন। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপসী প্রাথমিক বিদ্যালয়, গন্ধর্বপুর উচ্চবিদ্যালয়, দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটাব আদর্শ উচ্চবিদ্যালয়সহ ২০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে।
রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আল-আমিন মিয়া বলেন, কলেজে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রাস্তার বেহালদশার কারণে শিক্ষার্থীরা কলেজে আসতে অনীহা দেখাচ্ছে।
ট্রাকচালক সোহেল মিয়া জানান, যানবাহন সড়কের বড় গর্তে আটকে গেলে তীব্র যানজট তৈরি হয়।
ইজিবাইকচালক আল-আমিন মিয়া বলেন, ‘গত বছর ইজিবাইক উল্টে গিয়ে আমার একটি হাত ভেঙে যায়। সড়কটি সংস্কারের দাবিতে আমরা বেশ কয়েকবার মানববন্ধন করলেও কোনো সুফল পাওয়া যায়নি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী এনায়েত কবির বলেন, ১৯৮৭ সালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ হিসেবে নির্মিত হলেও পরে এটি এলজিইডির সড়ক হিসেবে অধিভুক্ত হয়। রাস্তাটি মেরামতের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই এটি মেরামত করা হবে।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া বলেন, সড়কটির মাটি ভালো না। সংস্কার করলেও বেশি দিন টেকে না।
