ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে দুই কোটি টাকা দামের সোনার বারসহ বাংলাদেশ বিমানের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের কনকর্ড হলে জনাথন মুক্তি বারিকদার (৩৪) নামের ওই পরিচ্ছন্নতা কর্মীর জুতার সুকতলায় লুকানো অবস্থায় ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। দুবাই থেকে আসা একটি বিমান থেকে সোনার বারগুলো নিয়ে ২০ হাজার টাকার বিনিময়ে তার ডিউটি ইনচার্জের কাছে হস্তান্তর করার কথা ছিল।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন দেশ রূপান্তরকে জানান, গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে ঢাকায় আসে এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮২। এই বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন জনাথন মুক্তি বারিকদার। কাজ শেষে বিমানটির নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা তল্লাশি করতে চাইলে জনাথন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের কার্যালয়ে নিয়ে তল্লাশি করলে তার দুই জুতার তলায় সোনার বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। এর বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
