ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতে বিএসএফের গুলিতে রিপন খলিফা (৩০) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে রিপনকে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করেছে দেশটির পুলিশ।
ঝিনাইদহ বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ভোরে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে যায়। এ সময় সামনে পড়লে রামনগর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও আহত হন রিপন। পরে তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হয়। তখন বিএসএফ জানায়, তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রিপন এখন কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসাধীন।
