মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুজিববর্ষে অসচ্ছল ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেবে সরকার। প্রতিটি বাড়ি তৈরিতে খরচ ধরা হয়েছে ১৬ লাখ টাকা। গতকাল রবিবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সরকারদলীয় সাংসদ শাজাহান খানের আনা নোটিসের উত্তরে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা শুরু হয়। তখন ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে ৩০০ টাকা করে ভাতা দেওয়া হতো। সেখান থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত হয়েছে এবং ৪০ হাজারের স্থলে শতভাগ মুক্তিযোদ্ধাই এই ভাতার আওতাভুক্ত। আগামী বাজেটে ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন।’
বাড়ি করে দেওয়া ছাড়াও স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক উপহার থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘চিকিৎসার জন্য প্রত্যেক বিশেষায়িত হাসপাতালকে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আগাম দিয়েছি। যাতে কোনো মুক্তিযোদ্ধাকে এসে টাকার অভাবে চিকিৎসা না নিয়ে ফিরতে হয়।’
সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধার নামে তালিকাভুক্তির জন্য প্রাপ্ত দেড় লাখ আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ৪৭০ কমিটি করা হয়েছে। এর অধিকাংশের প্রতিবেদন পাওয়া গেছে। ৮৫টি কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
