ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়।
ফলে গত ১ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে নির্বাচিত ঘোষিত জুবায়েদ আদেলের (টিফিন ক্যারিয়ার) পরিবর্তে ১০ ফেব্রুয়ারি পরিবর্তিত ফলে শেখ মোহাম্মদ আলমগীরের (ঝুড়ি) কাউন্সিলর পদ আটকে গেল। গতকাল দুই মাসের জন্য ফল স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। রুলে জুবায়েদ আদেলকে কেন নির্বাচিত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস-সাদিক। মনজিল মোরসেদ বলেন, ‘নির্বাচনের পরপরই ঘোষিত ফলাফলে জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং এবং রিটার্নিং কর্মকর্তা। কিন্তু পরে ফল পরিবর্তন করে ঝুড়ি প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এটিকে চ্যালেঞ্জ করে আবেদন করলে হাইকোর্ট এই স্থগিতাদেশ দেয়।’
১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ৩১ নম্বর ওয়ার্ডে জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু শেখ মোহাম্মদ আলমগীরের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিন ওই ওয়ার্ডের ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ১০ ফেব্রুয়ারি ভোট পুনঃগণনার পর আলমগীরকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা জানান, ‘ঝুড়ি’ ও ‘ঘুড়ি’ শুনতে একই হওয়ায় কিছু সমস্যার কারণে মাঝখানে টিফিন ক্যারিয়ারের প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
