পাকিস্তান এখন আর জঙ্গিদের স্বর্গভূমি নয়: ইমরান খান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান এখন আর জঙ্গিদের স্বর্গভূমি নয়। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তানে আফগান শরণার্থীদের ৪০ বছর পূর্তির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ইমরান আরও বলেন, আফগানিস্থানে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাতে পাকিস্তান প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে।

পাকিস্তান প্রধানমন্ত্রী এমন সময়ে এই কথা বললেন, যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‌‘আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এখানে (পাকিস্তানে) কোনো নিরাপদ ভূমি নেই (জঙ্গিদের জন্য)।‘  

পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে। ইমরান বলেন, অতীতে যাই হোক হোক না কেন, কিন্তু এখন আমাদের একটাই চাওয়া- আফগানিস্তানে শান্তি।‘

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট সারওয়ার দানিস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনি গুতেরিস।

জাতিসংঘের মহাসচিব তিন দিনের সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন। পাকিস্তান দীর্ঘদিন যাবৎ আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, দীর্ঘ চল্লিশ বছর আফগান নাগরিকেরা বিভিন্ন সমস্যা মোকাবিলা করেছে। তবে পাকিস্তানের জনগণ তাদের পাশে থেকে উদারতা দেখিয়েছে।‘

উল্লেখ্য, পাকিস্তানে আফগান শরণার্থী আসা শুরু হয় ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় থেকে।

সূত্র: আরব টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত