র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৩য় সেমিস্টারের শিক্ষার্থীরা টিএসসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এর আগে সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেন। এতে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি রাতে শের-ই-বাংলা হল-১ এ উপযুক্ত প্রমাণাদি ছাড়াই ১৫ শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়। পরে ২৩ জানুয়ারি ১৫ শিক্ষার্থীকে ৬ মাসের বহিষ্কারাদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তারা দুই দফা দাবিও দেন। সেগুলো হলো-এক কার্যদিবসের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অভিযুক্তদের দ্রুত অ্যাকাডেমিক সব কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরাও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল কাশেম চৌধুরী বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হবে শাস্তি কমবে নাকি একই থাকবে।’
