সাত মাসের মেয়েশিশুকে ছুড়ে ফেলা হলো রাস্তায়!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৭ এএম

আনুমানিক সাত কি আট মাসবয়সী একটি মেয়েশিশু। পৃথিবীতে আসার পর বাস্তবতা বুঝে ওঠার আগেই তাকে শিকার হতে হলো চরম নিষ্ঠুরতার। চলন্ত একটি সিএনজি অটোরিকশা থেকে শিশুকে ছুড়ে ফেলে দেওয়া হয় সড়কে। পরে পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের অদূরে কবরস্থানের পাশের সড়কে।

বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গতকাল দুপুরে পলিটেকনিক এলাকায় মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ডিউটিতে ছিলেন তার থানার এএসআই হিরন মিয়া। দুপুর পৌনে ১টার দিকে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকার সময় তিনি দেখেন, কবরস্থানের পাশে একটি অটোরিকশা থেকে কিছু একটা ফেলে দেওয়া হচ্ছে। দ্রুত সেখানে গিয়ে কাঁথা মোড়ানো একটি শিশু দেখতে পান হিরন। পরে শিশুকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে যান তিনি।

ওসি প্রণব গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘কন্যাশিশুটির বয়স আনুমানিক সাত মাস। আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, কন্যাশিশুর শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তবে শিশুটি অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছে, এছাড়া খুব দুর্বল। তাই তাকে স্যালাইন দেওয়া হয়েছে।’

শিশুটির প্রয়োজনীয় সব বিষয় পুলিশ দেখভাল করবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এএসআই হিরন অটোরিকশার ভেতরে কে বা কারা ছিল সঠিকভাবে তা দেখতে পাননি। তবে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। কিন্তু যেভাবে কন্যাসন্তানটিকে ছুড়ে ফেলা হয়েছে তা খুব নিষ্ঠুর ও নির্দয় আচরণ। আমরা জড়িতদের খুঁজছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত