জাপানে করোনাভাইরাসের সংক্রমণের কারণে আটকে পড়া প্রমোদতরীর যাত্রীদের মধ্যে বিনামূল্যে আইফোন বিলি করেছে দেশটির সরকার।
জি নিউজ জানায়, ইকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস নামে ক্রুজ শিপটিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। জাহাজটির ৩৭০০ যাত্রীর মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫০ জন।
সংক্রমণের ফলে জাহাজটিতে আটকে পড়া যাত্রীদের মধ্যে দুই হাজার আইফোন বিলি করেছে জাপান সরকার।
চিকিৎসকের সঙ্গে পরামর্শ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদের সঙ্গে যোগাযোগের জন্য এমন উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
দেশটির বিভিন্ন দপ্তরের যৌথ উদ্যোগে জাহাজটিতে এসব ফোন সরবরাহ করা হয়েছে। সব ফোনেই লাইন অ্যাপ প্রি-ইনস্টল থাকছে। জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি আইফোন থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ।
এদিকে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ১৮০০ ছাড়িয়েছে। আর বরাবরের মতোই মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে হুবেই প্রদেশ।
মঙ্গলবার সকালে দেশটির হেলথ কমিশনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার নাগাদ কমপক্ষে ১৮৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৩৬ জন।
সোমবার হুবেই প্রদেশে মারা যায় ৯৩ জন। দেশের অন্য অঞ্চলে মারা যায় আরও ৫ জন। চীনের বাইরে অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি, মারা গেছে পাঁচজন।
