বেগমগঞ্জে মামলা, গ্রেপ্তার ১

যুবলীগের দুপক্ষের বন্দুকযুদ্ধে আহত হাসান মারা গেছেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ পিএম

বেগমগঞ্জে যুবলীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে আহত হাসান ঢাকায় মারা গেছেন। ঢাকার নর্দার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ১৫ জনকে আসামি করে মামলা করা হলে পুলিশ মামলাটির ৫ নম্বর আসামি ‘হাসান’কে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তফা জানান, গত ৬ ফেব্রুয়ারি রাত ২টায় মাদক ও অস্ত্র ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বেগমগঞ্জের শরীফপুরের জয়নালের বাড়ি এলাকায় যুবলীগ নেতা সম্রাট গ্রুপ ও সুমনপক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। একপর্যায়ে সম্রাট বাহিনী পিছু হঠলে সুমন বাহিনী সম্রাটপক্ষের হাসানকে ধরে তাকে গুলি করে এবং এলোপাতাড়ি কোপায়।

খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ হাসানকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে আত্মীয়রা তাকে ঢাকার নর্দার্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে হাসান মারা যান।

এ ঘটনায় হাসানের মা ধনী বেগম বেগমগঞ্জ থানায় ১৫ জন যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলে পুলিশ ৫ নম্বর আসামি হাসানকে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রসিদ বলেন, সুমন ও সম্রাট গ্রুপ দীর্ঘদিন থেকে আধিপত্য নিয়ে বন্দুকযুদ্ধসহ সন্ত্রাসী কর্মকা- করে যাচ্ছে। এদের একেকজনের বিরুদ্ধে ৮-১০টি করে মামলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত