পরিবহন শ্রমিকদের ‘লাইনে’ আসতে বললেন ভিপি নুর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৯ পিএম

পরিবহন শ্রমিকদের ‘লাইনে’ আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এরপর তাদের উদ্দেশ্যে ফেইসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান ভিপি নুর। 

নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা মামলা প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিষয়টি নিয়ে ফেইসবুক স্ট্যাটাসে নুর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাহজাহান খানের জন্য নাকি ৭০ লক্ষ শ্রমিক মাঠে নামবে!

ওরে বাটপার!

নিরাপদ সড়ক আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে। তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে,গণমানুষের কল্যাণে।

সুতরাং বাটপারির হুমকি-ধমকি বাদ দিয়ে লাইনে আসো, দেশের জন্য কাজ করো,তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’

গত বুধবার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ, গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন।

সেদিন শাজাহান খান বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত