কপিল দেবের বায়োপিক ‘৮৩’, দীপিকা-রনবীরের ফার্স্ট লুক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৭ পিএম

বিয়ের পর প্রথম পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন-রনবীর সিং। কবির খানের পরিচালনায় ‘৮৩’ সিনেমায় প্রকাশ্যে এসেছে তাদের প্রথম লুক।

ভারতীয় সাবেক ক্রিকেট তারকা কপিল দেবকে নিয়ে এই সিনেমা। তার নেতৃত্বে ভারত ৮৩ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতে।

সিনেমাটিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রনবীরকে আর কপিলে স্ত্রী রোমি দেব হিসেবে দীপিকাকে।

৮৩-তে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে দীপিকা ইনস্টাগ্রামে লিখেন, ‘ক্রীড়া ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তকে নিয়ে তৈরি একটি সিনেমায় ছোট্ট ভূমিকায় অভিনয় করতে পারাটা গর্বের। মাকে দেখেই একজন স্বামীর পেশাদার জীবন এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার সাফল্যে স্ত্রীর ভূমিকা রয়েছে তা খুব কাছ থেকে দেখেছি এবং আমার মতে ৮৩-এ অভিনীত চরিত্র সেই প্রতিটি নারীর কথা বলে, যারা নিজের স্বপ্নের আগে স্বামীর প্রত্যাশাকে রাখতে পারে।’

রনবীরও দীপিকার পোস্টটি শেয়ার করেছেন। স্ত্রীর সঙ্গে সিনেমাটিতে স্ক্রিন শেয়ার করতে পারায় খুশিও প্রকাশ করেছেন তিনি।

কাস্টিংয়ের জন্য কবির খানকেও ধন্যবাদ জানিয়েছেন রনবীর। বলেন, ‘আমার স্ত্রীর থেকে স্ত্রীর ভূমিকায় ভালো কেই বা হতে পারত?’

২০১৮ সালে বিয়ের পর প্রথমবার একসঙ্গে ছবির পর্দায় আসছেন দীপিকা-রণবীর। ছবিটিতে তাহির রাজকে দেখা যাবে সুনীল গাভাসকারের চরিত্রে। চলতি বছরের ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত