পিতা-পুত্রের স্বীকারোক্তিতে কবরস্থান খুঁড়ে মিলল আগ্নেয়াস্ত্র ও গুলি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম

যশোরে অস্ত্র চোরাকারবারি পিতা-পুত্রের স্বীকারোক্তি অনুযায়ী কবর খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের গাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আটককৃতরা হলেন, সিরাজসিংহ গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হক ও তার ছেলে হালিম গাজীকে আটক করে পুলিশ।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্রাচীর দিয়ে ঘেরা পারিবারিক কবরস্থানের মাটি খুঁড়ে একটি বিদেশি নাইন এমএম মডেলের পিস্তল, একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ মডেলের পিস্তল, একটি ওয়ান শুটার গান ও দুইটি পাইপগান এবং ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানী শেখ আরও বলেন, আটক বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত