রাজধানীর রায়েরবাজারে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছর বয়সী আরেক শিশুর বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুটিকে গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তার একাধিক স্বজন দেশ রূপান্তরকে জানান, স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে যৌন নিপীড়নের শিশুটি। তার বাবা রিকশাচালক আর মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন।
গতকাল বিকেলে তারা দুজনই কাজে ব্যস্ত ছিলেন বাইরে। সন্ধ্যার পর তারা বাসায় ফিরে শিশুটির কাছে জানতে পারেন, পাশের বাসার ভাড়াটিয়ার ১২ বছরের ছেলে তাকে নির্যাতন করেছে। পরে তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, যৌন নির্যাতনের অভিযোগ মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
