শাই হোপের দায়িত্বশীল এক সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়ে ম্যাচ জয়ের জোরালো সম্ভাবনা তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোমাঞ্চে ভরা সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ ওভারে গিয়ে অতিথিদের ‘হোপলেস’ করল শ্রীলঙ্কা!
কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে রোববার তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে উইন্ডিজকে ১ উইকেটে হারায় দিমুথ করুনারত্নের দল। পাঁচ বল বাকি থাকতে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে পৌঁছায় তারা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এটা রান তাড়ার রেকর্ড।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে ইসুরু উদানা যখন আউট হন, তখনও লঙ্কানদের দরকার ছিল ২৮ রান। স্ট্রাইক রেখে খেলার পাশাপাশি রানের গতি নিয়ন্ত্রণে রাখেন হাসারাঙ্গা। ৩৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৪২ রান করে ম্যাচের নায়ক তিনিই।
লঙ্কানরা জয়ের ভিত গড়ে ওশাদা ফার্নান্দো ও করুনারত্নের ওপেনিং জুটিতে। এই জুটিতে আসে ১১১ রান। অর্ধশতকের দেখা পান উভয়ই। উইকেট ছাড়ার আগে ৫৭ বলে সাত চারে ৫২ রান করেন করুনারত্নে। ৫৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫০ করে উইকেট ছাড়া হন ফার্নান্দো।
অন্যদের মধ্যে ৪২ রান করে করেন কুশল পেরেরা ও হাসারাঙ্গা। ৩২ রান করেন থিসারা পেরেরা, ২০ রান করেন কুসল মেন্ডিস।
উইন্ডিজ বোলারদের মধ্যে ৪২ রানে তিনটি উইকেট নেন আলজারি জোসেপ। দুটি করে উইকেট নেন কিমো পল ও হেইডেন ওয়ালশ।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের শুরুটা ভাল না হলেও ১০ রানে সুনীল অ্যামব্রিস আউট হওয়ার ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করেন শেই হোপ ও ড্যারেন ব্রাভো। দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন তারা।
এরপর রস্টন চেজের সঙ্গে হোপ আরও ৮৫ রানের জুটি গড়লে ভাল অবস্থানে পৌঁছে যায় উইন্ডিজ। এক প্রান্তে অবিচলিত থেকে নিজের নবম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হোপ। ১৪০ বলে ১১৫ রান করে আউট হয়েছেন তিনি। চেজ করেন ৪১ রান। ৩৯ ওভারের সময় উইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১৯৩। পরের ১১ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে।
লঙ্কান বোলারদের মধ্যে ৮২ রানে ৩টি উইকেট নেন ইশুরু উদানা। ম্যাচ সেরা হাসারাঙ্গা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বুধবার হাম্বানটোটায়।
